উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমান
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল ও বর্ণাঢ্য ব্যক্তিত্ব।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, গণঅভ্যুত্থান, স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৪০ সালের ৫ মে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কে এম ওবায়দুর রহমান।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
১৯৭০ সালের নির্বাচনে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফরিদপুর জেলা সমন্বয় ও প্রতিরোধ কমিটির আহ্বায়ক হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত ও সংগঠনের কাজ করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে পুরুলিয়া মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ শিবিরে রাজনৈতিক সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পর ১৯৭৩ সালে তিনি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসেন। ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি মৎস্য ও পশুসম্পদ এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।
১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০০৭ সালের ২১ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। পরে তাকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাজনৈতিক জীবনের নানা পর্যায় ও মতপার্থক্য সত্ত্বেও কে এম ওবায়দুর রহমানের মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় রাজনীতিতে ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। বিএনপিও তার মৃত্যুবার্ষিকীতে তাকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণতন্ত্রের জন্য সংগ্রামী জাতীয় নেতা হিসেবে স্মরণ করে।








আপনার মতামত লিখুন