টঙ্গিবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩টি ড্রেজার লাইন বিনষ্ট, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গিবাড়ী প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি অবৈধ ড্রেজার লাইন বিনষ্ট করা হয় এবং এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলার আমতলী, বলই ও বালিগাঁও এলাকায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। অভিযানকালে নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু/মাটি উত্তোলনের উদ্দেশ্যে ড্রেজার বসিয়ে রাখা ৩টি পাইপলাইন সম্পূর্ণ নষ্ট ও বিচ্ছিন্ন করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
একই সময়ে বালিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার চালানোর অপরাধে মোঃ ফারুক কাজী নামে এক ড্রেজার মালিককে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে আবাদি জমি, রাস্তাঘাট এবং পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।







আপনার মতামত লিখুন