রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের ত্রুটি: অনিশ্চিত বিদ্যুৎ উৎপাদন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের ত্রুটি: অনিশ্চিত বিদ্যুৎ উৎপাদন
0:00 0:00

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের ত্রুটি: অনিশ্চিত বিদ্যুৎ উৎপাদন

অন্যান্য
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের ত্রুটি: অনিশ্চিত বিদ্যুৎ উৎপাদন
৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৯ পিএম

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে সেফটি ভালভের ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় ফের পিছিয়ে যাচ্ছে। ভালভের এ সমস্যার সমাধান না হওয়ায় নির্ধারিত পরবর্তী ধাপের পরীক্ষা শুরু করা সম্ভব হচ্ছে না। ফলে কবে নাগাদ এ ত্রুটি মেরামত সম্পন্ন হবে এবং কবে থেকে গ্রিডে বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে—সে বিষয়ে এখনই কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানাতে পারছে না সরকার।
​বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

 

 

​সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গত ২৮ এপ্রিল প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগের প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়, যার লক্ষ্য ছিল চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা। বিভিন্ন ধাপ পেরিয়ে ‘বি’ স্টেজ সম্পন্ন হলেও দুটি সেফটি ভালভে কারিগরি সমস্যা থাকায় ‘সি’ স্টেজে যাওয়া আটকে গেছে।
​কবে নাগাদ ত্রুটি সংশোধন হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ভালভ দুটি কেন কাজ করছে না, তা নির্ধারণে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। তাঁদের মূল্যায়নের পর সঠিক কারণ জানা যাবে। প্রকল্পের ডিজাইনারদের মতে, ভালভ দুটি সম্পূর্ণ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।” তিনি জানান, এ ক্ষেত্রে দুটি বিকল্প ভাবা হচ্ছে—দ্বিতীয় ইউনিটের জন্য বরাদ্দকৃত ভালভ এনে প্রথম ইউনিটে ব্যবহার করা, অথবা রুশ ভেন্ডরকে দ্রুত নতুন ভালভ তৈরির অনুরোধ জানানো। যার মধ্যে দ্রুততম বিকল্পটিই গ্রহণ করা হবে।

 

 

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেড় মাসেরও বেশি সময় ধরে এসব সেফটি ভালভ পরীক্ষা করা হলেও তা প্রয়োজনীয় মানে উত্তীর্ণ হতে পারেনি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ইউক্রেনের কার্যাদেশ বাতিল করে পরবর্তীতে তুরস্ক থেকে এই ভালভগুলো সংগ্রহ করা হয়েছিল। নতুন করে আবার ভালভ তৈরি করতে হলে আরও ৬ থেকে ৮ মাস বা তারও বেশি সময় লেগে যেতে পারে।
​পরমাণু বিশেষজ্ঞরা জানান, সেফটি ভালভ রিয়্যাক্টরের নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর। কুলিং ব্যবস্থায় অস্বাভাবিক চাপ তৈরি হলে এটি তা বের করে দিয়ে বড় ধরনের ক্ষতির ঝুঁকি কমায়। এই ভালভ কার্যকর হওয়ার পর রিঅ্যাক্টরে ফিশন বিক্রিয়া শুরু করা হবে। এরপর পরীক্ষামূলক উৎপাদন ও গ্রিডে সরবরাহের জন্য আরও অন্তত ৮ থেকে ১০ সপ্তাহ সময় লাগবে।

 

 

​পরমাণু শক্তি কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলতি বছরে রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আর নেই বললেই চলে।
​উল্লেখ্য, মূল সময়সূচি অনুযায়ী প্রথম ইউনিট ২০২২ সালের ডিসেম্বরে চালুর কথা থাকলেও করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তা বারবার পিছিয়ে যায়। ২,৪০০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্রটি চালু হলে দেশের চলমান জ্বালানি সংকট ও লোডশেডিং অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।