বেড়ায় সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় সীরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বেড়ার আলহেরা নগরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাগ্রন্থ আল-কুরআনের সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াতের উদ্ধৃতি— “তোমাদের জন্য রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনে রয়েছে উত্তম আদর্শ”—বাণীকে প্রতিপাদ্য করে অনুষ্ঠানের সূচনা ঘটে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনদর্শন ও সুন্নাহ সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখার আমীর মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা কর্ম-পরিষদ সদস্য ডা. আলহাজ্ব আব্দুল বাসেত খান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন মাওলানা মোঃ সফিউল্লাহ। অনুষ্ঠানে বেড়া উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের কর্মপরিষদ সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, বিজয়ী শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবজাতির সার্বিক মুক্তি, ব্যক্তিগত ও সামাজিক জীবনের সুশৃঙ্খল পরিবেশ এবং পরকালীন কল্যাণের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সাঃ)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। আজকের শিশু-কিশোর ও তরুণদের রাসুল (সাঃ)-এর আদর্শে গড়ে তুলতে পারলে সমাজে নৈতিকতার বিকাশ ঘটবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।








আপনার মতামত লিখুন