মাওয়া চৌরাস্তা-সুপার মার্কেট সড়ক: এক রাতের জোড়াতালির মাশুল, চরম ঝুঁকিতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা
মোঃজসিম শেখ
পদ্মা সেতু উদ্বোধনের ঠিক আগের রাতে তড়িঘড়ি করে জোড়াতালি দিয়ে সংস্কার করা মাওয়া চৌরাস্তা থেকে সুপার মার্কেট পর্যন্ত সড়কটি এখন স্থানীয় ও পথচারীদের জন্য চরম মরণফাঁদে পরিণত হয়েছে। লোকদেখানো ‘আইওয়াশ’ হিসেবে তিন স্তরে ইট বিছিয়ে উপরে বালি ছিটিয়ে রাতারাতি সড়কটি চালু করা হলেও টেকসই ভিত্তি না থাকায় এখন এর বেহাল দশা। সড়কের যত্রতত্র তৈরি হয়েছে বিপজ্জনক খানাখন্দ ও অসমান পৃষ্ঠ।
সড়কটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে ইজিবাইক, মোটরসাইকেল বা ছোট গাড়ি চলাচলের সময় তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয়। স্থানীয় চালকদের অভিযোগ, গাড়ি চালানোর সময় অনবরত ঝাঁকুনিতে চালকরা চোখের দৃষ্টি ও স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলেন, যা যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গর্ভবতী নারী ও অসুস্থ রোগীরা। ভুক্তভোগীদের মতে, কোনো মুমূর্ষু রোগী এই সড়কে উঠলে ঝাঁকুনির কারণে তার শারীরিক অবস্থা চার গুণ বেশি অবনতি ঘটে।
অতীতে মাওয়া পুরাতন ফেরিঘাটে যাতায়াতের একমাত্র প্রধান সড়ক ছিল এটি। পরবর্তীতে শিমুলিয়া ঘাট চালু হলে এ সড়কে যানবাহনের চাপ কিছুটা কমে যায়। তবে বর্তমানে শিমুলিয়া ঘাট বন্ধ হওয়ার পর এবং পদ্মা সেতু কেন্দ্রিক পর্যটন বৃদ্ধির ফলে সড়কটির গুরুত্ব আবারও কয়েক গুণ বেড়েছে।
বিশেষ করে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এই পথ দিয়ে হাজার হাজার পর্যটক যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এই বিকল্প সংযোগ সড়কটি পর্যটকদের মূল রুট হয়ে উঠলেও কর্তৃপক্ষের এ নিয়ে কোনো নজরদারি নেই।
সাময়িক ইটের জোড়াতালি না দিয়ে অনতিবিলম্বে মাওয়া চৌরাস্তা থেকে সুপার মার্কেট পর্যন্ত সড়কটি আধুনিক ও টেকসইভাবে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।







আপনার মতামত লিখুন