রায়ের মহলে রাজু বিশ্বাসের মৃত্যু: ‘মব সন্ত্রাস’ নাকি অন্য কোনো রহস্য?
রায়ের মহলে রাজু বিশ্বাসের মৃত্যু: ‘মব সন্ত্রাস’ নাকি অন্য কোনো রহস্য?
0:00 0:00

রায়ের মহলে রাজু বিশ্বাসের মৃত্যু: ‘মব সন্ত্রাস’ নাকি অন্য কোনো রহস্য?

জনদুর্ভোগ
রায়ের মহলে রাজু বিশ্বাসের মৃত্যু: ‘মব সন্ত্রাস’ নাকি অন্য কোনো রহস্য?
২১ আগস্ট ২০২৬, ১১:৪৯ পিএম

 

মোঃ সবুর শেখ | ফুলতলা উপজেলা প্রতিনিধি:

খুলনার আড়ংঘাটা থানাধীন রায়ের মহল এলাকায় গত ১৯ আগস্ট রাজু বিশ্বাস নামে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রাজু বিশ্বাস ফুলতলা বাজারের একটি পরিচিত কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার, সহকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন রাজু বিশ্বাসকে রায়ের মহল এলাকায় কয়েকজন ব্যক্তি ‘চোর’ সন্দেহে আটক করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে মারধর করে আড়ংঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে দাবি সংশ্লিষ্টদের। তাদের ভাষ্য অনুযায়ী, দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজুকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এরপর পুলিশ হেফাজতে রাজু বিশ্বাসের মৃত্যু নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

কীভাবে রাজু পুলিশের হাতে গেলেন? হেফাজতে নেওয়ার সময় তার শারীরিক অবস্থা কেমন ছিল? তাকে যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা দেওয়া হয়েছিল কি না—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাজুকে চোরের অপবাদ দিয়ে মারধরের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা এবং রাজুর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে।
রাজু বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফুলতলা এলাকায় দেখা দিয়েছে ক্ষোভ ও শোকের আবহ। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের দাবিতে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সাধারণ মানুষের প্রশ্ন—কেউ অপরাধে জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করাই কি আইনি পথ নয়? একজন মানুষকে সন্দেহের ভিত্তিতে গণপিটুনি বা কোনো ধরনের নির্যাতনের শিকার হতে হবে কেন?
অন্যদিকে, পুলিশের হেফাজতে রাজু বিশ্বাসের মৃত্যুর ঘটনাটিও গভীরভাবে তদন্তের দাবি রাখে। পুলিশের কাছে হস্তান্তরের পর থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত ঠিক কী ঘটেছিল—সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

এই ঘটনায় কারও বিরুদ্ধে আগাম কোনো সিদ্ধান্তে না গিয়ে প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার, সহকর্মী, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য যাচাই করছে আমাদের প্রতিনিধিরা।
আমাদের অনুসন্ধানে উঠে আসা তথ্য, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সংশ্লিষ্টদের মন্তব্য ধারাবাহিকভাবে তুলে ধরা হবে। পাশাপাশি রাজু বিশ্বাসের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং ঘটনার নেপথ্যে আসলে কী ঘটেছিল—তা খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আমাদের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা দ্রুত দেশবাসীর সামনে আসবে এবং দোষী কেউ থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজু বিশ্বাসের মৃত্যু ঘিরে যে প্রশ্নগুলো সামনে এসেছে, সেগুলোর উত্তর জানতে চোখ রাখুন আমাদের অনুসন্ধানী প্রতিবেদনে।