গোসাইরহাটে টানা বৃষ্টিতে সাড়ে ৬ কোটি টাকার সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত, চলছে মেরামত।।
গোসাইরহাটে টানা বৃষ্টিতে সাড়ে ৬ কোটি টাকার সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত, চলছে মেরামত।।
0:00 0:00

গোসাইরহাটে টানা বৃষ্টিতে সাড়ে ৬ কোটি টাকার সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত, চলছে মেরামত।।

অন্যান্য
গোসাইরহাটে টানা বৃষ্টিতে সাড়ে ৬ কোটি টাকার সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত, চলছে মেরামত।।
২৫ নভেম্বর ২০২৬, ৪:৫০ পিএম

গোসাইরহাটে টানা বৃষ্টিতে সাড়ে ৬ কোটি টাকার সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত, চলছে মেরামত।।

মোহাম্মদ নান্নু মৃধা,
শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাটে টানা তিন-চার দিনের বৃষ্টিপাত ও বিলের পানির প্রবল স্রোতে ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কের খালসংলগ্ন প্রায় ৩০ থেকে ৪৫ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় মেরামতের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দ্রুত মেরামত শেষে সড়কটি চলাচলের উপযোগী করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলী।

 

 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, খালসংলগ্ন ওই স্থানটিতে আগে থেকেই ভাঙনের প্রবণতা রয়েছে। কয়েক বছর আগে খালটি খননের পর থেকে সেখানে ভাঙন দেখা যাচ্ছে। সম্প্রতি টানা বৃষ্টিপাতের পাশাপাশি বিলের পানি প্রবল বেগে খালে নেমে আসায় সড়কের পাশের মাটি সরে গিয়ে একটি অংশ দেবে যায়।

 

 

এলজিইডি সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সড়কটির নির্মাণব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ। কাজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জমাদ্দার।

 

 

 

সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। এর পরপরই টানা তিন-চার দিনের বৃষ্টিপাত শুরু হয়। একই সময়ে বিলের পানি প্রবল বেগে খালে নেমে আসায় খালসংলগ্ন সড়কের প্রায় ৩০ থেকে ৪৫ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি জানার পর ঠিকাদারি প্রতিষ্ঠান মেরামতের উদ্যোগ নেয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশে পুনরায় মেরামতের কাজ চলমান রয়েছে।

সড়কটি দিয়ে নিয়মিত যাতায়াতকারী স্থানীয় বাসিন্দা মোকসেদ মাতুব্বর বলেন, ‘আমি এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করি। টানা তিন-চার দিনের বৃষ্টির কারণে রাস্তার প্রায় ২০-২৫ হাত অংশ খালের দিকে ডেবে গেছে। বৃষ্টির সঙ্গে বিলের পানি প্রবল গতিতে নেমে আসায় এমনটা হয়েছে। এখন মেরামতের কাজ চলছে। কাজটি ভালোভাবে শেষ হলে এলাকার মানুষের যাতায়াতে সুবিধা হবে।’

 

 

 

খালের পশ্চিম পাড়ের বাসিন্দা সাহিদা বেগম বলেন, ‘আমি প্রায় ৩০-৩৫ বছর ধরে এই খালের পানি ব্যবহার করছি এবং এখানে গোসল করি। এই জায়গাটি প্রতিবছরই ভাঙে। দুই থেকে আড়াই বছর আগে খালটি খনন করা হয়েছিল। এরপর থেকে এখানে ভাঙন দেখা যাচ্ছে। এবার রাস্তার পিচ ঢালাই দেওয়ার পর টানা তিন-চার দিন বৃষ্টি হয়েছে। পাশাপাশি বিলের পানি প্রবল গতিতে নেমে আসায় রাস্তার কিছু অংশ ডেবে গেছে।’

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘প্রবল বৃষ্টির কারণে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় মেরামতের কাজ চলমান রয়েছে।’

 

 

 

ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, ‘সড়কটি আমরা নিয়ম অনুযায়ী নির্মাণ করেছি। তবে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার পর টানা তিন-চার দিন বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানি এবং বিলের পানির প্রবল প্রবাহে রাস্তার খালসংলগ্ন কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩০ থেকে ৪৫ ফুট রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতোমধ্যে ওই অংশ পুনরায় মেরামতের কাজ শুরু করেছি। কাজটি যথাযথভাবে সম্পন্ন করে সড়কটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে।’

 

 

 

সামন্তসার ইউনিয়নের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলমান রয়েছে। দ্রুত কাজ শেষ করে সড়কটি স্বাভাবিক চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।