খুলনায় অভিযানের আগেই খবর পেয়ে যাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা, আত্মগোপনে অপরাধীরা
খুলনায় অভিযানের আগেই খবর পেয়ে যাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা, আত্মগোপনে অপরাধীরা
খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনায় শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোপন অভিযান পরিচালনার আগেই তাদের কাছে খবর পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরুর আগেই সতর্ক হয়ে আত্মগোপনে চলে যাওয়ার সুযোগ পাচ্ছে অপরাধীরা। এমন দাবি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বাহিনীর সদস্যদের অভিযোগ, কিছু অপেশাদার গণমাধ্যমকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের আগাম তথ্য প্রকাশ করে দিচ্ছেন। এতে অভিযানের গোপনীয়তা নষ্ট হওয়ার পাশাপাশি অপরাধীরা আগেই সতর্ক হয়ে যাচ্ছে। এমনকি কিছু সংবাদকর্মীর সঙ্গে সন্ত্রাসীদের সরাসরি সম্পৃক্ততার বিষয়টিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উল্লেখ করেছেন।
এর সাম্প্রতিক উদাহরণ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর টুটপাড়া এলাকায় পরিচালিত অভিযানের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টার দিকে টুটপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী সেজান নিজ বাড়িতে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই সেজান পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন এবং রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও জানান, সেজান খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
অভিযানের আগাম তথ্য ফাঁসের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন অভিযান ও অপরাধী গ্রেপ্তারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে অভিযানের তথ্য কারা বা কীভাবে ফাঁস করেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।








আপনার মতামত লিখুন