বাউফলে আগুনে পুড়ল বিয়ের স্বপ্ন, ছাই ১০-১২ বছরের জমানো ৭ লাখ টাকা
বাউফলে আগুনে পুড়ল বিয়ের স্বপ্ন, ছাই ১০-১২ বছরের জমানো ৭ লাখ টাকা
নিজের ও বোনের বিয়ের জন্য গরু-ছাগল বিক্রি করে গড়ে তুলেছিলেন সঞ্চয়, এক রাতের আগুনে হারালেন সব
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।
এক-দুই বছর নয়, দীর্ঘ ১০ থেকে ১২ বছরের পরিশ্রমে একটু একটু করে টাকা জমিয়েছিলেন মোশাররফ হোসেন (৩০)। স্বপ্ন ছিল, সেই জমানো টাকা দিয়ে নিজের বিয়ে করবেন, বোনকেও বিয়ে দেবেন। গরু-ছাগল পালন, কৃষিকাজ আর কঠোর পরিশ্রমে গড়ে তোলা সেই স্বপ্নের সঞ্চয় রেখেছিলেন নিজের ঘরেই। কিন্তু এক ভয়াবহ আগুনে মুহূর্তেই শেষ হয়ে গেল তাঁর সব আশা। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় সাত লাখ টাকা, দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র। এখন চোখের সামনে পড়ে আছে শুধু পোড়া ঘরের ধ্বংসাবশেষ আর অনিশ্চিত ভবিষ্যৎ।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার-সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটে।
মোশাররফের জীবনের গল্পটা সংগ্রামের। তাঁর বয়স যখন মাত্র এক বছর, তখনই মারা যান বাবা। এরপর মা ও বোনকে নিয়ে শুরু হয় তাঁদের জীবনসংগ্রাম। একসময় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। পরে ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় অটোরিকশাটি বিক্রি করে দিতে হয়। এরপর কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে সংসার চালানোর চেষ্টা করেন।
এভাবেই বছরের পর বছর গরু-ছাগল বিক্রির টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করেছিলেন তিনি। পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে জমিয়েছিলেন প্রায় সাত লাখ টাকা। সেই টাকা ছিল তাঁর নিজের ও বোনের বিয়ের সম্বল, ছিল বহু বছরের পরিশ্রমের ফসল।
কিন্তু সেই সঞ্চয় ব্যাংকে নয়, নিজের ঘরেই রেখেছিলেন মোশাররফ। আগুনে ঘরের সঙ্গে পুড়ে গেছে তাঁর সেই শেষ সম্বলও।
আক্ষেপ নিয়ে মোশাররফ হোসেন বলেন, “আমার বয়স যখন এক বছর, তখন বাবা মারা যান। এরপর মা ও বোনকে নিয়ে আমাদের সংসার। গত ১০-১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলাম। নিজের বিয়ে ও বোনের বিয়ের জন্য টাকাগুলো রেখেছিলাম। ব্যাংকে রাখিনি, ঘরেই রেখেছিলাম। কিন্তু আগুনে আমার সব শেষ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি গরু, ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে। এত বছর কষ্ট করে যা কিছু গড়েছিলাম, এক মুহূর্তেই সব শেষ। এখন আমি নিঃস্ব।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোশাররফ। দীর্ঘদিনের শ্রমে গড়ে তোলা সম্পদ হারিয়ে এখন কীভাবে সংসার চালাবেন, কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন—সেই দুশ্চিন্তায় দিশেহারা তিনি। নিজের ও বোনের বিয়ের স্বপ্ন পূরণের বদলে এখন তাঁর সামনে পরিবারের জীবিকা টিকিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জ।
বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার ছাব্বির আহমেদ জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। সেখানে গিয়ে আগুন জ্বলতে দেখে পানি পাম্প করে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ ছিলেন না। আগুনে দুটি গরু, ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
দীর্ঘ ১০-১২ বছরের সঞ্চয়, দুটি বিয়ের স্বপ্ন আর বেঁচে থাকার সম্বল—সব হারিয়ে এখন নতুন করে জীবন শুরু করার কঠিন বাস্তবতার মুখোমুখি মোশাররফের পরিবার।







আপনার মতামত লিখুন