একটি ফোন কল , ২০ মিনিটের অভিযান; ওসির দূরদর্শিতায় বাঁচল তিন প্রাণ,,,,,প্রশংসায় ভাসছে ওসি শামীম।
👮♂️ একটি ফোন কল , ২০ মিনিটের অভিযান; ওসির দূরদর্শিতায় বাঁচল তিন প্রাণ,,,,,প্রশংসায় ভাসছে ওসি শামীম।
মোঃ শিমুল হোসেন রিপোর্টার ভেড়ামারা কুষ্টিয়া ।
পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে নিয়ে রেললাইনে গিয়ে আত্মহনণের চেষ্টার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। তবে স্বজনের একটি ফোনকল পেয়ে পুলিশের দ্রুত তৎপরতা ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখের তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রাণে রক্ষা পেয়েছেন ওই মা ও তাঁর দুই সন্তান। মাত্র ২০ মিনিটের অভিযানে তাঁদের উদ্ধার করে সম্ভাব্য মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সক্ষম হয় পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়ি থেকে দুই সন্তানকে নিয়ে বেরিয়ে আসেন ওই নারী। অভিযোগ রয়েছে, বাড়ি ছাড়ার সময় তিনি আত্মহ*ত্যার কথা বলেছিলেন। একপর্যায়ে ভেড়ামারা রেলস্টেশনের কাছাকাছি রেললাইনে গিয়ে দুই সন্তানকে নিয়ে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন তিনি।
বিষয়টি জানতে পেরে ওই নারীর পরিবারের এক সদস্য দ্রুত ভেড়ামারা থানার ওসি শামীম শেখকে ফোন করে জানান। খবর পেয়েই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে দ্রুত ব্যবস্থা নেন ওসি। তাৎক্ষণিকভাবে তিনি রেলস্টেশন এলাকায় পুলিশ সদস্যদের পাঠিয়ে ওই নারী ও তাঁর সন্তানদের উদ্ধারের নির্দেশ দেন।
এরপর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রেললাইনের ওপর থেকে ওই মা ও তাঁর দুই সন্তানকে জীবিত উদ্ধার করেন তাঁরা। তাঁদের উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ট্রেন এসে পৌঁছায়। পুলিশের এই তৎপরতায় অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
এ ঘটনার পর ওই নারীর পরিবারের সদস্যরা ভেড়ামারা থানায় গিয়ে ওসি শামীম শেখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, খবর পাওয়ার পর এত দ্রুত পুলিশ ব্যবস্থা নেবে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।
পরে উদ্ধার হওয়া মা ও দুই সন্তানকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
একটি ফোনকলকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পেয়েছে একটি পরিবার। পুলিশের তাৎক্ষণিক সাড়া, দায়িত্বশীলতা ও মানবিক উদ্যোগের এ ঘটনা স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।








আপনার মতামত লিখুন