পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশের লক্ষ্যে পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘প্রথম বিজ্ঞান মেলা-২০২৬’। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আউয়াল মিয়া, শহীদ বুলবুল সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জাহিদ হাসান, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের প্রফেসর গৌতম কুমার দত্ত এবং প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু।
এছাড়াও উপস্থিত ছিলেন পাইলট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান একরামুল হক, অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পাবনা জেলা সভাপতি মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
মেলায় স্কুলের প্লে থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। দর্শনার্থী ও অতিথিদের জন্য শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি ৬০টিরও বেশি উদ্ভাবনী ও বাস্তবভিত্তিক বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করা হয়। প্রজেক্টগুলোর মধ্যে স্মার্ট সিটি ব্যবস্থাপনা, জলচক্র ও রোবটিক্সসহ বিজ্ঞানের নিত্যনতুন প্রযুক্তি ও ভাবনা নজর কাড়ে সবার। খুদে বিজ্ঞানীদের নিখুঁত উপস্থাপনা ও প্রজেক্ট ব্যাখ্যায় পুরো মেলা প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত খতিয়ে দেখেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী বলেন, “ছোট ছোট শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও নতুন ভাবনা দেখে আমি অত্যন্ত আনন্দিত। এ ধরনের আয়োজন কোমলমতিদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করার পাশাপাশি ভবিষ্যতে নতুন কিছু উদ্ভাবনে বিশাল অনুপ্রেরণা জোগাবে।”
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক আশাবাদ ব্যক্ত করে বলেন, “আজকের এসব ছোট্ট উদ্যোগই শিক্ষার্থীদের ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বড় বড় উদ্ভাবনের পথে এগিয়ে নিয়ে যাবে।
এছাড়া এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আউয়াল মিয়া জানান, বইয়ের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখার এমন সুযোগ শিক্ষার্থীদের দক্ষ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলবে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী মেলাটি সাফল্যমণ্ডিত হয়। আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও সৃষ্টিশীলতার বিকাশে আগামীতেও এ ধরনের বিজ্ঞান চর্চা ও প্রদর্শনী অব্যাহত রাখা হবে।








আপনার মতামত লিখুন