বাউফলে ছিনতাই অভিযোগের তদন্তে বেরিয়ে এলো ইয়াবা বিরোধের তথ্য, গ্রেপ্তার ২
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: রুবেল হোসেন
পটুয়াখালীর বাউফলে ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে ইয়াবা নিয়ে বিরোধের তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযোগকারী মিজান (৩৫) ও অভিযুক্ত সাইমুন (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তারের পর পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মিজান নামের এক ব্যক্তি সাইমুনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ ঘটনাটি তদন্তে নামে এবং সাইমুনকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে পুলিশের কাছে ইয়াবা সংক্রান্ত বিরোধের তথ্য উঠে আসে।
পুলিশের ভাষ্য, মিজান ১০০ পিস ইয়াবা সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৫০ পিস একজনকে দেওয়ার পর অবশিষ্ট ৫০ পিস নিয়ে যাওয়ার সময় কয়েকজন তাকে আটক করে ইয়াবাগুলো নিয়ে নেয়। পরে ওই ইয়াবা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। ভাগের অংশ হিসেবে সাইমুন ছয় পিস ইয়াবা পেয়েছিলেন বলে পুলিশকে জানান। পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
তদন্তে মিজান স্বর্ণ বন্ধক রেখে টাকা সংগ্রহ করে ইয়াবা কেনার সঙ্গে জড়িত ছিলেন বলেও তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ইয়াবা নিয়ে বিরোধের ঘটনাকে পরবর্তীতে ছিনতাই হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিজান, সাইমুনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ছিনতাইয়ের অভিযোগের তদন্ত করতে গিয়ে ইয়াবা নিয়ে বিরোধের বিষয়টি সামনে আসে। ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২৬ সেপ্টেম্বর
পটুয়াখালী বাউফল প্রতিনিধি
মোঃ রুবেল হোসেন
01749510580








আপনার মতামত লিখুন