আদিতমারীতে সড়কের ব্রিজ মরণফাঁদে সরু ও ভাঙাচোরা ব্রিজে জীবনের ঝুঁকি,
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর-ভেলাবাড়ী প্রধান সড়কের ব্রিজটি এখন ২২শে সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার এলাকাবাসীর জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটির দক্ষিণ পাশের মোকা ভেঙে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
দুর্গাপুর ও ভেলাবাড়ী—দুই ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু ব্রিজটি এতটাই সরু যে একটি ট্রাক বা ভারী যানবাহন ব্রিজে উঠলেই বিপরীত দিকের যানবাহন ও পথচারীদের চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে ভোগান্তি ও যানজট।
সরেজমিনে দেখা যায়, ব্রিজটির দক্ষিণ পাশের মোকা ভেঙে গিয়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ অংশ পার হতে গিয়ে আতঙ্কে থাকতে হচ্ছে পথচারীদের। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার বা কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। একটি দুর্ঘটনা ঘটলে শুধু যানবাহন নয়, প্রাণহানির আশঙ্কাও রয়েছে।
এলাকাবাসীর প্রশ্ন—দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া হবে, নাকি দুর্ঘটনার আগেই ঝুঁকিপূর্ণ ব্রিজটির সংস্কার করা হবে?
তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজটির ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার, নিরাপদ চলাচলের ব্যবস্থা এবং প্রয়োজনে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে হবে।
এ অবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সব দপ্তর এবং এনজিও সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর পদক্ষেপ নিয়ে এই জনদুর্ভোগের অবসান ঘটানো হবে।








আপনার মতামত লিখুন