মুন্সীগঞ্জে রাজমিস্ত্রি ও নির্মাণকর্মীদের নিয়ে ‘আশা সিমেন্ট-স্বপ্ন কারিগর’ কর্মশালা
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আবুল খায়ের গ্রুপের অন্যতম পণ্য ‘আশা সিমেন্ট’-এর উদ্যোগে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ী উপজেলার কনস্ট্রাকশন সাব-কন্ট্রাক্টর, রাজমিস্ত্রি ও নির্মাণকর্মীদের নিয়ে ‘আশা সিমেন্ট-স্বপ্ন কারিগর’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় লাক্সারি ডাইন চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আবুল খায়ের গ্রুপের নারায়ণগঞ্জ রিজিওনের আওতাধীন এ কর্মশালায় নির্মাণকাজে পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক নির্মাণকৌশল সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মানসম্মত নির্মাণকাজ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার অভিজ্ঞ রাজমিস্ত্রি, নির্মাণশ্রমিক ও কারিগরেরা অংশ নেন। কাজী মো. মুশফিক শাফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের গ্রুপের নারায়ণগঞ্জ রিজিওনের রিজিওনাল ম্যানেজার গোলাম মোস্তফা। এ সময় এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম রাসেল ও টেকনিক্যাল হেড প্রকৌশলী শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া আশা সিমেন্টের ডিলার আবু বাক্কার মাঝি, এমরান হোসেন সোহাগ ও মাসুদ রানাসহ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে নির্মাণশ্রমিক ও কারিগরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মজবুত, নিরাপদ ও টেকসই স্থাপনা নির্মাণে রাজমিস্ত্রি ও কারিগরদের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক নির্মাণপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সিমেন্টের সঠিক ব্যবহার ও মানসম্মত নির্মাণকাজ নিশ্চিত করতে নির্মাণকর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
কর্মশালায় আশা সিমেন্টের গুণগত মান, বৈশিষ্ট্য ও নির্মাণকাজে এর সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি নির্মাণকাজে সঠিক অনুপাত বজায় রাখা এবং আধুনিক পদ্ধতি অনুসরণের বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
আলোচনা শেষে অংশগ্রহণকারী নির্মাণকর্মীদের মধ্যে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নির্মাণকর্মী, ডিলার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে কর্মশালাটি শেষ হয়।








আপনার মতামত লিখুন