মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ লৌহজংয়ে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
আবু বকর সিদ্দিক:- লৌহজং প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক মাদ্রাসাছাত্রীর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হক।সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।গত ৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ঘোড়দৌড় বাজারের জগৎবিবি মার্কেটের চারতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়‘সওতুল কুরআন হাফিজিয়া কওমি মহিলা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এর ১৬ বছর বয়সী শিক্ষার্থী লাবনী আক্তার।সংবাদ সম্মেলনে মাদ্রাসা সুপার বলেন,ঘটনার দিন তিনি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।
দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরার কিছুক্ষণ পর তিনি শিক্ষার্থী লাবনী আহত হওয়ার খবর পান।পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন,স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীকে চেয়ারে বসিয়ে রেখেছেন।তিনি তাৎক্ষণিকভাবে লাবনীকে লৌহজং উপজেলা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।নাজমুল হক বলেন,পরে বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীর সঙ্গে মাদ্রাসা ভবনের দারোয়ানের ছেলের সম্পর্কের বিষয়টি ছড়িয়ে পড়ে।এ ঘটনায় কিছু গণমাধ্যমে তার ছেলের নাম জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।তার দাবি,এসব তথ্য মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি বলেন,কোনো যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার করায় তিনি ও তার পরিবার বিব্রত হয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি ওইসব তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানান।একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে কারও সংশ্লিষ্টতা থাকলে তদন্তের মাধ্যমে তা চিহ্নিত করার আহ্বান জানান মাদ্রাসা সুপার।তিনি বলেন,নিরপরাধ কাউকে হয়রানি না করে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।তবে শিক্ষার্থীর আহত হওয়ার প্রকৃত কারণ ও অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানান।








আপনার মতামত লিখুন