মো: এনামুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুরে জমি-জায়গা নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীসহ তিনজনকে মারধর ও আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোছা. স্বপ্না খাতুন (৩০)।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টার দিকে মহেশপুর উপজেলার মালবাড়িয়া এলাকায় আমবাগানে গিয়ে অভিযোগকারীর স্বামী আহম্মদ আলী শেখের সঙ্গে জমি-জায়গা নিয়ে বিরোধের জেরে বিবাদীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ হাতুড়ি দিয়ে আহম্মদ আলী শেখের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় অন্য আসামীরা তাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
অভিযোগে আরও বলা হয়, স্বামীকে রক্ষা করতে স্বপ্না খাতুন এগিয়ে গেলে ২ নম্বর আসামি বাঁশের লাঠি দিয়ে তার বাম হাতের আঙুলে আঘাত করে গুরুতর জখম করেন। তাকে রক্ষা করতে ননদ মোছা. জরিনা খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করে দাঁত ভেঙে গুরুতর জখম করার অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের মহেশপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।