Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পাইকগাছার কপিলমুনিতে দু’দফা হামলা-মারামারি, ৩ ভাইসহ আহত ৪

সমাজের খবর ডেস্ক

মোঃআবুল কালাম আজাদ
জেলা প্রতিনিধি

খুলনার পাইকগাছার কপিলমুনিতে মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মধ্যে দু’দফা হামলা ও মারামারির ঘটনা ঘটেছে। এতে তিন ভাইসহ চারজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

 

 

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ও মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর এলাকায় এ হামলা ও মারামারির ঘটনা ঘটে।

আহতরা হলেন রেজাকপুর গ্রামের শেখ আব্দুল আলিমের ছেলে শেখ বাবুল (৩৭), শেখ লাভলু (৩৫), শেখ ডাবলু (২০) এবং প্রতিপক্ষের অপু (২৩)। এর মধ্যে বাবুল ও লাভলুর নাক ও মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানা গেছে।

 

 

 

আহত শেখ বাবুল অভিযোগ করে বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মুদি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্থানীয় হাফিজুল গাজীর ছেলে অপুর সঙ্গে সন্দেহের বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে অপু তাকে ঘুষি মারলে নাক ফেটে যায়।

এ ঘটনার পর উত্তেজনার জেরে মঙ্গলবার সকালে হাফিজুল গাজীর বাড়ির সামনে বাবুলের পরিবারের সদস্যরা অবস্থান নেন বলে জানা গেছে।

 

 

আহত শেখ লাভলু অভিযোগ করেন, রাতে কী কারণে তার বড় ভাই বাবুলকে মারধর করে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, তা জানতে তারা হাফিজুলের বাড়িতে যান। এ সময় অপু, তার ভাই লিপু (১৮) ও তাদের বাবা দা-কাঁচি নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে তিনি, তার বড় ভাই বাবুল ও ছোট ভাই ডাবলু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অন্যদিকে, হাফিজুল গাজী বলেন, সোমবার রাতে বাবুল ও তার ছেলে অপু মাদকাসক্ত অবস্থায় ছিল। বিষয়টি বুঝতে পেরে তিনি ছেলেকে মারধর করে শাসন করেন। একপর্যায়ে অপু উত্তেজিত হয়ে বাবুলের নাকে ঘুষি মারে।

 

 

তিনি আরও অভিযোগ করেন, মঙ্গলবার সকালে লাভলু ও ডাবলুসহ কয়েকজন তাদের বাড়ি ঘেরাও করলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে তার ছেলে অপুও আহত হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ বা মামলা করেনি।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন