মো: এনামুল ইসলাম
মহেশপুর /ঝিনাইদাহ/স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ময়জদ্দীন হামীদকে গ্রেফতার করেছে পুলিশ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে মহেশপুর আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার গোডাউনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার ময়জদ্দীন হামীদ (৬৫) মহেশপুর উপজেলার তালশার গ্রামের মৃত আব্দুস সামাদ মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মহেশপুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। দলীয় পরিচয়ে তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য এবং মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
মহেশপুর থানা সূত্রে জানা যায়, গত ৯ মার্চ মহেশপুর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় (নম্বর- ১৬, ধারা- ৪৩৬/৪২৭ পেনাল কোড,জিআর নম্বর- ৯৪) তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান জানান, সুনির্দিষ্ট মামলায় ময়জদ্দীন হামীদকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।