Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কোনো মানুষ যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়”- পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ

সমাজের খবর ডেস্ক

 

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
জেলা লিগ্যাল এইড কমিটি, পাবনার বিজ্ঞ বিচারকবৃন্দ, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) এবং আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে পাবনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যালএইড কমিটির চেয়ারম্যান ও পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পাবনার বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ নূরে আলম এবং পাবনার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী। জেলা লিগ্যাল এইড অফিসার (বিজ্ঞ সিনিয়র সিভিল জজ) ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মোঃ আজহারুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
​মতবিনিময় সভায় আদিবাসী জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা, মামলা-মোকদ্দমা পরিচালনায় প্রতিবন্ধকতা, আইনি সহায়তার জটিলতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় আদিবাসী প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন। বিশেষ করে জমিজমা সংক্রান্ত মামলা-মোকদ্দমায় আইনি জটিলতার কথা জানান ভাঙ্গুড়ার শ্রীবাস চন্দ্র মুরারী, আটঘরিয়ার সত্য সরকার এবং ঈশ্বরদীর লিপি বিশ্বাস। তারা দ্রুত ও সহজে আইনি সহায়তা পাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি আদিবাসীদের অজ্ঞতা দূর ও প্রয়োজনীয় সহায়তার জন্য বিচার বিভাগের কাছে দাবি জানান ‘ব্রেড’-এর কর্মসূচি সমন্বয়কারী মো: আশিকুর রহমান।
​প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আখতারুজ্জামান আদিবাসী প্রতিনিধিদের বক্তব্য

 

মনোযোগসহকারে শোনেন এবং তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিচার বিভাগ সবসময় থাকবে এবং সরকারি আইনি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
​সভায় বক্তারা জোর দিয়ে বলেন, দেশের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। আর্থিক অসচ্ছলতা, সামাজিক অবস্থান বা জাতিগত পরিচয়ের কারণে যেন কেউ বিচার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে আদিবাসী নারী, শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য লিগ্যাল এইড সেবা আরও সহজলভ্য করার প্রতি তাগিদ দেওয়া হয়।
​এছাড়া সরকারি আইনি সহায়তার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে সিভিল সোসাইটি ও মানবাধিকার সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান বক্তারা।

 

​উক্ত মতবিনিময় সভায় জেলা লিগ্যাল এইড কমিটির কর্মকর্তা-কর্মচারী, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন