পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ সময় পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ হাতে ড্রেনে ওষুধ ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের গণমানুষের সেবক হিসেবে পরিচিত পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিলেই চলবে না, বরং শুরু থেকেই এ রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এমপি ড. মাসুদ আরও বলেন, এডিস মশার জন্ম ও বংশবিস্তার রোধ করতে পারলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এ জন্য প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে তিনি হাতে গ্লাভস পরে বিভিন্ন ড্রেনে ওষুধ ছিটান এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা দ্রুত ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নুরজাহান, ডা. তাসরিফ, ডা. জান্নাতুন নেয়ামা, হেড ক্লার্ক মো. রিয়াজ এবং ফার্মাসিস্ট মো. জহির। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলেও কর্মসূচিতে গুরুত্বারোপ করা হয়।
পটুয়াখালী বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন