Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাউফলে পিআইও ও এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে এলাকাবাসীর মানববন্ধন

সমাজের খবর ডেস্ক

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাসির উদ্দিন ও পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বসির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে হয়রা নি ও মামলায় জড়ানোর অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

রোববার (৩০ আগস্ট) বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দারোগা বাড়ি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার কারণে হয়রানির শিকার হচ্ছেন। তারা অভিযোগগুলোর সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, দারোগা বাড়ি এলাকার আব্দুর রহিম মৃধার ছেলে মো. আল-আমীনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের দাবি, প্রায় ১৭ বছর ধরে মামলাসংক্রান্ত কারণে তিনি ও তার পরিবার ভোগান্তিতে রয়েছেন।

 

এছাড়া স্থানীয় একটি সালিশ-মীমাংসায় অংশ নেওয়া আহাদুল ইসলাম টিপুর বিরুদ্ধেও কয়েকটি মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, অভিযোগগুলোর প্রকৃত তদন্ত হলে ঘটনার সত্যতা জানা যাবে।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এলাকার প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি বিভিন্ন মামলায় জড়িয়েছেন। এসব ঘটনার পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ বা উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়—এটাই তাদের প্রধান দাবি।

 

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি দারোগা বাড়ি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ বিষয়ে পিআইও নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদেরকে সামাজিকভাবে ছোট ও হেয়প্রতিপন্ন করার জন্য তারা এসব ভিত্তিহীন অভিযোগ তুলেছে।”

এএসআই বসির উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

মানববন্ধনে আঃ রহিম মৃধা, মো. আসাদুল, মো. ইসমাইল, মোসা. রহিমা বেগম ও জেরিন বেগমসহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি: মোঃ রুবেল হোসেন
বাউফল, পটুয়াখালী
৩০ আগস্ট, রবিবার

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন