মো: এনামুল ইসলাম
মহেশপুর/ ঝিনাইদাহ/ স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। অভিযানে ১৩ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, ৮৩০ গ্রাম গাঁজা এবং অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২৮ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮/৪-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের আলমের আমবাগানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮৩০ গ্রাম ভারতীয় গাঁজা আটক করা হয়।
এছাড়া একই দিন একই সময়ে একই এলাকায় পরিচালিত অপর এক চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন ৪৩,৩৬০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ৫ হাজার টাকা।
অপরদিকে, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৮০-আর হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মো. আজিম মিয়ার কলা বাগান থেকে বিশেষ টহল পরিচালনা করে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
হাবিলদার মো. আব্বাস হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় ১ জন পুরুষ, ১ জন নারী এবং ২ জন তৃতীয় লিঙ্গের নাগরিককে আটক করা হয়।
আটককৃত এই চার নাগরিককে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।