সঞ্জয় কুমার লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে স্থানীয় কৃষকদের ওপর বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে পড়ে ও ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান এবং একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান বিএসএফ সদস্যরা। আজ মঙ্গলবার বিকেল ৩-১০ তার দিকে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনচৌকি সীমান্ত এলাকায় বাংলাদেশি কৃষকেরা নিজেদের জমিতে কাজ করার সময় সীমান্ত পেরিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে এবং তাঁদের বেধড়ক মারধর শুরু করে। ঘটনাটি দেখে আশপাশের স্থানীয় অধিবাসীরা ঘটনাস্থলে দ্রুত এগিয়ে আসেন এবং বিএসএফ সদস্যদের বাধা দেন। একপর্যায়ে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের তীব্র হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। স্থানীয়দের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে পড়ে নিজেদের অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম ফেলে রেখে বিএসএফ সদস্যরা ভারতের দিকে পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিএসএফের ফেলে যাওয়া দুটি শর্টগান এবং একটি ওয়াকিটকি উদ্ধার করে বিজিবির হেফাজতে নেন।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। তিনি বলেন, “বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে আলোচনা চলছে। পরবর্তীতে দুই বাহিনীর ব্যাটালিয়ন অধিনায়ক (কোম্পানি কমান্ডার/অধিনায়ক) পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনা ও পতাকা বৈঠকের মাধ্যমে বিস্তারিত বিষয় জানানো বলেন।”