সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের নীরবতা ভাঙতে হবে: আহমেদ আবু জাফর
মোঃ সাইদুল ইসলাম হেলাল
নিজস্ব প্রতিবেদকঃ
প্রতিনিধি ও সাংবাদিকরা বিপদে পড়লে সম্পাদকদের নীরব থাকার প্রথা ভেঙে সবার আগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। একইসঙ্গে তিনি সাংবাদিকদের যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার ও প্রকাশ না করার পরামর্শ দেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আহমেদ আবু জাফর বলেন, ‘মফস্বলের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নানাভাবে হামলা, মামলা ও হুমকির শিকার হন। অথচ বিপদের মুহূর্তে অধিকাংশ সময় তারা একা হয়ে পড়েন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
অনেক সম্পাদক কর্মীর বিপদে কিছুদিন নীরব থেকে সেখানে নতুন প্রতিনিধি নিয়োগ দেন, এতে ওই সাংবাদিক আরও বিপদগ্রস্ত হয়ে পড়েন। সম্পাদকদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত।’
সম্পাদকদের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, ‘সম্পাদক মানেই শুধু সংবাদ ছাপা নয়, তিনি সাংবাদিকদের অভিভাবক। কর্মীর বিপদে আইনি সহায়তা দেওয়া, প্রশাসনের সঙ্গে কথা বলা এবং পাশে দাঁড়ানোই তার প্রধান কর্তব্য। ঐক্য ছাড়া মফস্বলের কোনো সাংবাদিক নিরাপদ থাকবে না। তাই সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসা এখন সময়ের দাবি।
পত্রিকাটির সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, দৈনিক সকালের সময় সম্পাদক নূর হাকিম এবং জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ ও মির্জা আরাফাত আব্বাস।
আলোচনা সভা শেষে নানা আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।