পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক
খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
লস্কর ইউনিয়নে নুরজাহানকে আটকের পর সহযোগী আসমাও আটক; বান্দিকাটিতে ভাড়া বাসায় পুলিশের অভিযান
খুলনার পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকায় অভিযান চালিয়ে নুরজাহানকে আটক করা হয়। এ সময় নারী পুলিশ সদস্যের মাধ্যমে তাঁর দেহ তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়।
পরে নুরজাহানের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী আসমাকেও আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ওই দুই নারী ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় তাঁদের ভাড়া বাসায় তল্লাশি অভিযান চালানো হয়।
এ ঘটনায় তাঁদের সঙ্গে জাল নোটের সংশ্লিষ্টতা এবং ভাড়া বাসায় আরও কোনো জাল নোট বা সরঞ্জাম রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।