Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় গ্যারেজে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ২, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

সমাজের খবর ডেস্ক

নওগাঁয় গ্যারেজে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ২, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদরে অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মূল হোতাসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে গাইবান্ধা জেলার সাঘাটা থানা এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁ সদর উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আ. মমিনের ছেলে এবং ডাকাতির মূল হোতা মনোয়ার হোসেন মিন্টু (৩৫) ও গাইবান্ধা জেলার সাঘাটা থানার গাছবাড়ি গ্রামের আ. খালেকের ছেলে আমিনুর (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে একদল সশস্ত্র ডাকাত নওগাঁ সদর থানাধীন চাকলা জুলুর মোড়ে অবস্থিত ফাত্তা ইসলাম সেতুর অটো চার্জারের গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা গ্যারেজে থাকা মালিকের ভাইকে রশি দিয়ে বেঁধে ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুটি অটোরিকশা ও ভ্যান ডাকাতি করে নিয়ে যায়।

 

 

ঘটনাটি জানার পরপরই নওগাঁর পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদর থানা পুলিশ ও ডিবিকে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় পুলিশ আগে শাহজাহান নামে এক সন্দিগ্ধ ডাকাতকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে ডাকাতির মূল হোতাদের শনাক্ত করা হয়।

 

 

এরই সূত্র ধরে গতকাল ১৫ নভেম্বর দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায় নওগাঁ ডিবি পুলিশ। অভিযানে সাঘাটা থানার গাছবাড়ি এলাকায় অবস্থিত আমিনুরের বাড়ি থেকে মূল হোতা মনোয়ার হোসেন মিন্টু ও আমিনুরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আমিনুরের বাড়ি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি হেক্সা ব্লেড, তালা কাটার একটি চাইনিজ কাটার, একটি ধারালো রামদা, দুটি ধারালো ছুরি (একটি প্লাস্টিকের হাতলযুক্ত), একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ এবং রশি জব্দ করা হয়।
নওগাঁ জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন