টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে জয়নাল খালাসী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গীবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হাসাইল বাজার সংলগ্ন কামাল শেখের বসতবাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে জয়নাল খালাসীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার হাসাইল ইউনিয়নের আটিগাঁও গ্রামের মঙ্গল খালাসীর ছেলে।
এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে রোববার (১৫ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।