রাত ১২টা পর থেকে সকাল পর্যন্ত মুন্সিগঞ্জের মোল্লা কান্দিতে দুই গ্রুপে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ।
মোঃজসিম শেখ
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন – দিদার শিকদার (৪৫), সানি সর্দার (২৫), বোরহান শিকদার (৪৭) ও দিদার ঢালী (৪৭)।
দুই গ্রুপে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ
আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত থেকে আজ (১২ নভেম্বর) সকাল পর্যন্ত সদরের মোল্লাকান্দির চর ডুমুরিয়া এলাকায় উভয়পক্ষ পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।
এ ঘটনায় ইউনিয়নের চার থেকে পাঁচটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়া নিয়ে স্থানীয় বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লা ও রহিম মোল্লার সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার ফজরের নামাজের আগে নয়াকান্দি ও নতুন আমঘাটা গ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এরপর প্রতিপক্ষকে গ্রামছাড়া করার উদ্দেশে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
পুলিশ ঘটনাস্থলে গেলেও দুই পক্ষের লোকজন বিভিন্ন নিরাপদ স্থানে অবস্থান নিয়ে থেমে থেমে ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিমউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এ ঘটনায় দুই পক্ষের নেতৃত্বে কারা রয়েছেন, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের গাড়ি লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।