বাবার কেনা জমিও চাচার দখলে, ভাতিজার অভিযোগ
সালিশের নামে বছরের পর বছর কালক্ষেপণ, মীমাংসা হয়নি জমির বিরোধ।।
মোহাম্মদ নান্নু মৃধা,
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মিত্রসেন পট্টি মৌজায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন রিয়াদ বেপারী। তাঁর অভিযোগ, আপন চাচা শামীম বেপারী ওয়ারিশসূত্রে পাওয়া, দলিলসূত্রে পাওয়া এবং তাঁর প্রয়াত বাবার কেনা জমির একটি বড় অংশ দখল করে রেখেছেন। জমি বুঝে চাইতে গেলে হুমকি দেওয়া হয়। অন্যদিকে, বিরোধ নিষ্পত্তির কথা বলে একের পর এক সালিশ বৈঠক হলেও বছরের পর বছরেও সমস্যার সমাধান হয়নি।
রিয়াদ বেপারীর দেওয়া জমির হিসাব ও দলিলসংক্রান্ত তথ্য অনুযায়ী, এসএ ১৯০/১৯১ নম্বর দাগের (বিআরএস ৮২১) মোট ২৭ দশমিক ৫০ শতাংশ জমির মালিক ছিলেন তাঁর দাদি মরহুমা রাজিয়া খাতুন। জীবদ্দশায় তিনি চার শতাংশ জমি বিক্রি করেন। অবশিষ্ট ২৩ দশমিক ৫০ শতাংশ জমি তাঁর মৃত্যুর পর স্বামী কালু বেপারী, দুই ছেলে ও সাত মেয়ের মধ্যে উত্তরাধিকারসূত্রে বণ্টিত হয়।
ওয়ারিশি হিসাব অনুযায়ী, স্বামী কালু বেপারী পান ৫ দশমিক ৮৮ শতাংশ। বাকি জমি দুই ছেলে ও সাত মেয়ের মধ্যে নির্ধারিত অনুপাতে ভাগ হয়। এতে প্রত্যেক ছেলে পান ৩ দশমিক ২০ শতাংশ এবং প্রত্যেক মেয়ে পান ১ দশমিক ৬০ শতাংশ। রিয়াদের দাবি, তাঁর ফুফুরা নিজ নিজ প্রাপ্য জমি ভোগদখলে রয়েছেন; এ নিয়ে কোনো বিরোধ নেই।
রিয়াদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর দাদা কালু বেপারী নিজের প্রাপ্ত জমির মধ্যে পাঁচটি দলিলে মোট ৪ দশমিক ৪৬ শতাংশ বিক্রি করেন। অবশিষ্ট ১ দশমিক ৪২ শতাংশ জমি হেবা দলিলের মাধ্যমে নাতি রিয়াদ বেপারীকে দেন। এ ছাড়া প্রয়াত বাবা আলমাস বেপারীর উত্তরাধিকারী হিসেবে রিয়াদ পান ৩ দশমিক ২০ শতাংশ। সব মিলিয়ে ওই দাগে তাঁর প্রাপ্য জমির পরিমাণ ৪ দশমিক ৬২ শতাংশ বলে দাবি তাঁর।
অন্যদিকে, রিয়াদের দাবি অনুযায়ী, চাচা শামীম বেপারীর উত্তরাধিকারসূত্রে পাওয়া ৩ দশমিক ২০ শতাংশের মধ্যে ০.২৮ শতাংশ জমি বিক্রি করার পর অবশিষ্ট থাকে ২ দশমিক ৯২ শতাংশ।
সালিশে মাপজোকের পরও সমাধান নেই
রিয়াদ বেপারী জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সালিশকারীদের উপস্থিতিতে জমি মাপজোক করা হয়। এতে তাঁর দাবি অনুযায়ী, শামীম বেপারী নিজের প্রাপ্য ২ দশমিক ৯২ শতাংশের চেয়ে বেশি জমি দখলে রেখেছেন। বিপরীতে রিয়াদের প্রাপ্য ৪ দশমিক ৬২ শতাংশের মধ্যে তিনি ভোগদখলে রয়েছেন মাত্র ২ দশমিক ৯০ শতাংশ। ফলে তাঁর প্রায় ১ দশমিক ৭২ শতাংশ জমি দখলের বাইরে রয়েছে বলে দাবি করেন তিনি।
শুধু ওয়ারিশি জমি নয়, রিয়াদের অভিযোগ, তাঁর প্রয়াত বাবা আলমাস বেপারীর কেনা ৭১০ নম্বর দাগের ৫ দশমিক ৭৫ শতাংশ জমিও চাচা শামীম বেপারী দখলে রেখেছেন। এ জমি ফেরত চাইলে শামীমের শ্বশুরবাড়ির লোকজন এসে তাঁকে হুমকি দেন বলেও অভিযোগ করেন রিয়াদ।
তিনি আরও জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। প্রতিবারই মীমাংসার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত আসেনি। ফলে দীর্ঘদিন ধরে জমির অধিকার ফিরে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট প্রশাসন, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিদের সহযোগিতা কামনা করেছেন রিয়াদ বেপারী। তাঁর দাবি, দলিলপত্র ও ওয়ারিশি হিসাব যাচাই করে নিরপেক্ষভাবে জমি মাপজোকের মাধ্যমে বিরোধের স্থায়ী সমাধান করা হোক।
এ বিষয়ে অভিযুক্ত শামীম বেপারীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।