নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ তিন ডাকাত গ্রেপপ্তার
মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের নওগাঁ-বদলগাছী পাকা সড়কের দারোগার ইটভাটা ও কাউয়াতলীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, ওই স্থানে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিতে সমবেত হয়েছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার আনন্দনগর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মাসুদ (৩৫), উকিলপাড়া এলাকার ভুট্টু কসাইয়ের ছেলে হাসান (৩২) এবং আনন্দনগর এলাকার মৃত সামাদ দেওয়ানের ছেলে সজীব দেওয়ান (২৮)।
অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা চাইনিজ কুড়াল, রশি, হাসুয়া, বাঁশ ও লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তারা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। এ ছাড়া বৈদ্যুতিক লাইন, মিটার ও তারসংক্রান্ত কাজে তারা যথেষ্ট পারদর্শী বলেও জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।