Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে এসআরবি-৬ ঝিনাইদহে ৪৭১ ও মাগুরায় ৬৮৬টি পূজামণ্ডপে বিশেষ নজরদারি

সমাজের খবর ডেস্ক

শারদীয় দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে এসআরবি-৬
ঝিনাইদহে ৪৭১ ও মাগুরায় ৬৮৬টি পূজামণ্ডপে বিশেষ নজরদারি

মোঃ এনামুল ইসলাম

মহেশপুর /ঝিনাইদাহ /স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)। এর আওতায় পূজামণ্ডপে বিশেষ টহল, গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

 

রোববার (১৮ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার কার্যক্রম শেষ হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করাই তাদের মূল লক্ষ্য।
এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

 

এসআরবি-৬-এর দায়িত্বপূর্ণ আটটি জেলায় মোট ৫ হাজার ৩৫৪টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে ঝিনাইদহ জেলায় ৪৭১টি এবং মাগুরা জেলায় ৬৮৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে পূজামণ্ডপগুলোকে প্রথমে জেলাভিত্তিক এবং পরে উপজেলাভিত্তিক ভাগ করা হয়েছে। প্রতিটি উপজেলার জন্য নির্ধারণ করা হয়েছে ফোকাল পয়েন্ট কর্মকর্তা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ এলাকার টহল দল নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, পূজার নিরাপত্তায় তিনটি স্তরে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম স্তরে টহল দল সরাসরি পূজামণ্ডপ পরিদর্শন করছে। পাশাপাশি শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। দ্বিতীয় স্তরে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। তৃতীয় স্তরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

 

এ ছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, উসকানিমূলক পোস্ট কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা রয়েছে—এমন বিষয়গুলো প্রতিরোধে এসআরবি সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে সাইবার মনিটরিং করা হচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক পর্যায়ে ব্যাটালিয়নের পক্ষ থেকেও অনলাইন প্ল্যাটফর্মগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

 

ব্রিফিংয়ে জানানো হয়, ইতোমধ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটি, স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন