বাউফলে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা ও উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি এমপি ডা.মাসুদ
বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা এবং মন্দিরের উন্নয়ন ও সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বগা সার্বজনীন কালীমন্দির ও পালপাড়া কালীমন্দিরসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
পরিদর্শনকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও সম্প্রীতি রয়েছে, তা ধরে রাখার পাশাপাশি আরও শক্তিশালী করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মীয় বিভেদ সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও প্রত্যেক নাগরিকের অধিকার সমান। মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষও যেন কোনো ধরনের ভয়ভীতি বা বাধা ছাড়াই নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা জরুরি।
মন্দিরের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে সংসদ সদস্য জানান, পূজামণ্ডপ ও মন্দিরের প্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়েছে। তাঁদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসার উন্নয়নের পাশাপাশি মন্দিরের উন্নয়ন ও সংস্কারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মন্দিরগুলোর প্রয়োজনীয় উন্নয়নকাজ এগিয়ে নিতে সহযোগিতার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় বগা সার্বজনীন কালীমন্দিরের সভাপতি সৌরভ পাল ও সাধারণ সম্পাদক কাজল কর্মকার এবং পালপাড়া কালীমন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জীব পাল তাঁদের বক্তব্যে মন্দিরের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. শহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক পটুয়াখালী জেলা অফিস সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, জামায়াত নেতা হেলাল মুন্সি, পৌর সেক্রেটারি মো. নুরুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাউফল উপজেলা সহসভাপতি মাস্টার মুহাম্মদ রেদওয়ান উল্লাহ, উপজেলা অফিস সম্পাদক এসডি শিবলী, উপজেলা বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।