Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নওগাঁর পোরশায় ভূয়া চিকিৎসকের সিজারিয়ান অবহেলায় নবজাতকের মৃত্যুতে গ্রেফতার ১

সমাজের খবর ডেস্ক

নওগাঁর পোরশায় ভূয়া চিকিৎসকের সিজারিয়ান অবহেলায় নবজাতকের মৃত্যুতে গ্রেফতার ১

​মোঃ সাইদুল ইসলাম
নওগাঁ প্রতিনিধি

চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত ব্যক্তি দিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং চিকিৎসার চরম অবহেলার কারণে এক সদ্যভূমিষ্ঠ নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে নওগাঁর পোরশার “আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতাল”-এর মালিক মোঃ আহসান হাবিবকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।

 

 

​মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই বিকেলে পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোঃ আমিনের প্রসববেদনায় আক্রান্ত স্ত্রী খাদিজা খাতুনকে চিকিৎসার জন্য আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোসাঃ শারমিন আক্তার শারীরিক পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম পর্যালোচনা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। চিকিৎসকের সুনামের ওপর আস্থা রেখে রোগীর স্বজনরা অপারেশনে সম্মতি দেন এবং প্রয়োজনীয় সব খরচ পরিশোধ করেন।

 

 

​তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে রোগীর পরিবারকে অন্ধকারে রেখে চরম প্রতারণার আশ্রয় নেয়। তারা নির্ধারিত চিকিৎসক ডাঃ শারমিন আক্তারের বদলে সম্পূর্ণ অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে প্রসূতির সিজারিয়ান অপারেশন সম্পন্ন করায়।

 

 

​অপারেশনের পর থেকেই মা ও নবজাতকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত ঘটনা গোপন রেখে সময়ক্ষেপণ করে এবং পরবর্তীতে শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। সেখানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অত্যন্ত দ্রুততার সাথে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ জুলাই সকাল আনুমানিক ১০টায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

​এই মর্মান্তিক ও প্রতারণামূলক ঘটনার পর ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হয়। আদালতের নির্দেশে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য পোরশা থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেন।

 

 

​পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা ও সম্পৃক্ততা প্রমাণিত হলে পোরশা থানা পুলিশের একটি অভিযানিক দল এজাহারনামীয় আসামি ও হাসপাতালটির মালিক মোঃ আহসান হাবিবকে সরাইগাছী এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আহসান হাবিব পোরশা উপজেলার শহরন্দ গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।

​এ বিষয়ে পোরশা থানা পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন