ছাওলায় সামাজিক বনায়নের গাছ নিধন ,ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব প্রশাসন
উপজেলা প্রতিনিধি, পীরগাছা,রংপুর।
রংপুরের পীরগাছা উপজেলার ৫ নং ছাওলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জলপাইয়ের বাজার থেকে ভক্তের বাজার পর্যন্ত এলাকায় সামাজিক বনায়নের আওতাভুক্ত গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে সবুজে ঘেরা এই বনায়নটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছিল। তবে সম্প্রতি একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে নিজেদের স্বার্থে এই গাছগুলো কেটে সাবাড় করার অভিযোগ তুলেছেন স্থানীয়
বাসিন্দারা।এলাকাবাসীর পাঠানো কিছু স্থিরচিত্র এবং অভিযোগ থেকে জানা যায়, উপজেলা বন বিভাগের পরিচয়ধারী কিছু ব্যক্তি এবং এলাকার স্থানীয় কতিপয় প্রভাবশালী মহলের যোগসাজশে নিয়মিতভাবে এই বনের গাছ কাটা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট মহলের দাবি—সরকারি নিয়মনীতি মেনে এবং অনুমতি সাপেক্ষেই এই গাছগুলো কাটা হচ্ছে, কিন্তু এলাকাবাসীর
অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, গাছগুলো কাটার পর সরকারি নিয়ম অনুযায়ী সেগুলোর কোনো হদিস বা স্বচ্ছ হিসাব পাওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা আরও জানান, ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে কোনো একটি গাছ ভেঙে পড়লে, সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই চক্রটি তার আশপাশের একাধিক সুস্থ ও জীবন্ত বৃক্ষ কেটে পাচার করে দিচ্ছে। সামাজিক বনায়নের সদস্য ও সাধারণ মানুষ এই ঘটনাকে পরিবেশের মারাত্মক বিপর্যয় হিসেবে দেখছেন। তারা সামাজিক বনায়ন সুরক্ষার দাবি জানিয়ে বলেন,
সরকারি এই সম্পত্তি এভাবে বিনষ্ট হতে দেওয়া যায় না। ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে এই অনিয়মতান্ত্রিক বৃক্ষ নিধন বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। একই সাথে এই ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।