Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সৌদি আরবে চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাউফলে মিজান ও সহযোগীর বিরুদ্ধে থানায় অভিযোগ

সমাজের খবর ডেস্ক

‎সৌদি আরবে চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাউফলে মিজান ও সহযোগীর বিরুদ্ধে থানায় অভিযোগ
‎
‎বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
‎
‎পটুয়াখালীর বাউফলে সৌদি আরবে আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. মিজান হাওলাদার ও তাঁর সহযোগী মেরিনা আক্তারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, বিদেশে পাঠানোর নামে অর্থ নেওয়ার পর কয়েকজনকে ভুয়া ভিসা দিয়ে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে গিয়ে কাজ,

 

 

বৈধ আকামা ও প্রয়োজনীয় কাগজপত্র না পেয়ে দুর্ভোগে পড়েন তাঁরা। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন প্রবাসী ও তাঁদের পরিবারের ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে হত্যাসহ নানা ধরনের হুমকির শিকার হওয়ার অভিযোগ এনে বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী।
‎
‎সাড়ে চার লাখ টাকা নেওয়ার অভিযোগ

 

‎
‎থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইউনুছ মাস্টারের ছেলে মিজান হাওলাদার (৩৫) এবং তাঁর সহযোগী মেরিনা আক্তারের (৩০) বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মো. মনিরুল ইসলাম (২৪)।
‎
‎অভিযোগে মনিরুল ইসলাম উল্লেখ করেন, ২০২৩ সালে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ আকামা ছাড়াই তাঁকে ভিসা-সংক্রান্ত জালিয়াতির মাধ্যমে সৌদি আরবে পাঠানো হয় বলে অভিযোগ করেন তিনি।
‎
‎মনিরুলের দাবি, সৌদি আরবে পৌঁছে তিনি কাজ ও বৈধ কাগজপত্র নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন। সেখানে প্রায় দুই মাস চরম দুর্ভোগে কাটানোর পর বাধ্য হয়ে নিজের খরচে দেশে ফিরে আসেন।

 

‎
‎টাকা ফেরত চাইতে গিয়ে হুমকির অভিযোগ
‎
‎অভিযোগকারী মনিরুল ইসলামের দাবি, দেশে ফিরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা বিভিন্ন সময়ে টাকা দেওয়ার আশ্বাস দিলেও তা পরিশোধ করেননি। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ তাঁর।
‎
‎একপর্যায়ে অভিযুক্তরা এলাকা ছেড়ে ঢাকায় চলে যান এবং তাঁদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎সর্বশেষ গত ৭ অক্টোবর ২০২৬, দুপুর আনুমানিক ১২টার দিকে বাউফলের কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযুক্তদের ভাড়া বাসার সামনে পাওনা টাকা চাইতে গেলে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয় বলে অভিযোগ করেন মনিরুল। এ সময় টাকা ফেরত দেওয়া হবে না জানিয়ে তাঁকে প্রকাশ্যে খুন ও জখমের হুমকি দেওয়া হয় বলে তাঁর দাবি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎

 

‎আরও কয়েকজন প্রবাসীর দুর্ভোগের দাবি
‎
‎ভুক্তভোগীদের অভিযোগ, সৌদি আরবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আরও কয়েকজনের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ সেখানে বৈধ আকামা ও কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করা হয়েছে।
‎
‎এ ছাড়া কয়েকজনের পাসপোর্ট আটকে রাখা এবং মরুভূমিতে ফেলে আসার ভয় দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
‎
‎অভিযোগ অস্বীকার অভিযুক্তের

 

‎
‎অভিযোগের বিষয়ে মো. মিজান হাওলাদার বলেন, “আমি কাউকেই বিদেশে পাঠাইনি এবং বিদেশে পাঠানোর কথা বলে কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। একটি পক্ষ সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন ও ব্ল্যাকমেইল করার জন্য মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে।”
‎
‎তিনি অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
‎
‎সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীদের

 

‎
‎ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যদের দাবি, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পাওনা টাকা ফেরত এবং আটকে রাখা পাসপোর্ট উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
‎
‎৯ অক্টোবর ২০২৬
‎পটুয়াখালী বাউফল প্রতিনিধি
‎মোঃ রুবেল হোসেন
‎01749510580

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন