গজারিয়ায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের নতুন কার্যালয়ের উদ্বোধন
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন-এর জন্য গজারিয়া উপজেলায় নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গজারিয়া উপজেলা সদরে মনোরম পরিবেশে বেলুন ও ফুল দিয়ে সজ্জিত প্রবেশদ্বারে ফিতা কেটে নতুন এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কাটার মধ্য দিয়ে কার্যালয়টির কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গজারিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
নতুন এই কার্যালয়কে ঘিরে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা, উন্নয়ন-চাহিদা ও জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে যোগাযোগ ও মতবিনিময়ের একটি কার্যকর কেন্দ্র হিসেবে কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
গজারিয়ার রাজনীতি ও জনসেবায় নতুন এই কার্যালয় কতটা কার্যকর ভূমিকা রাখে সেদিকেই এখন নজর স্থানীয়দের।