বাউফলে হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় উৎসব পালন করবে: ড. শফিকুল ইসলাম মাসুদ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে উপজেলার ৬৫টি মন্দিরে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে মোট ৩৯ হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমদ।
অনুষ্ঠানে উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে নিতাই চন্দ্র দেবনাথ, অতুল চন্দ্র পাল ও রাখাল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফলের প্রতিটি হিন্দু নাগরিকসহ সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় রীতি পালন করবেন। একজন মুসলমান যেমন তার ধর্মীয় বিধান ও উৎসব পালন করেন, অন্যান্য ধর্মাবলম্বীরাও তেমনি স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করবেন।
তিনি বলেন, “ইসলাম অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। তাই প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং অন্যের ধর্মীয় অধিকার ও অনুভূতির প্রতি সম্মান দেখাবেন।”
দুর্গাপূজাকে সামনে রেখে তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, “আমরা স্বাভাবিক নিরাপত্তা দেবো। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন।”
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাউফলের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরাপত্তা, শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বাউফলে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
৫ অক্টোবর
পটুয়াখালী বাউফল প্রতিনিধি
মোঃ রুবেল হোসেন
01749510580