লালমনিরহাট-বুড়িমহাসড়কটি যেন মৃত্যু ভয়ংকর ফাঁদ,
দুই বছরে ঝড়েছে ৪৬ প্রাণ, ফোর লেনের দাবী স্থানীয়দের।
১ ই সেপ্টেম্বর ২০২৬
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট ।
লালমনিরহাটের প্রান বলে খ্যাত লালমনিরহাট- বুড়িমারী মহাসড়ক।বুড়িমারী স্থলবন্দরের কারনে ভারত, ভুটান ও নেপালের সাথে দেশের আন্তর্জাতিক ত্রিদেশীয় বাণিজ্যের বেশির ভাগ যানবাহন চলাচল করে এই পথ ধরেই।প্রতিদিন কয়েক শত ভারী পণ্যবাহী ট্রাকসহ হাজারো যানবাহনের আনাঘোনা এই অঞ্চলে।
তবে দেশের অর্থনীতিতে অনন্য অবদান রাখা গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি এখন স্থানীয় বাসিন্দা ও পথচারীদের কাছে মৃত্যু ফাদ হিসেবে এক আতঙ্কের নাম। অপ্রশস্ত অবকাঠামো,সংস্কারের নামে অযত্ন আর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফোর লেনের প্রতিশ্রুতির গ্যাঁড়াকলে পড়ে ব্যস্ত এই সড়কটি পরিণত হয়েছে স্থায়ী এক মৃত্যু ফাঁদে।
ক্রমাগত বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্যিক পরিধি ও যানবাহনের ঘনত্ব বাড়লেও মহাসড়কের প্রসস্থ বাড়েনি একটুকুও। ফলে পাল্লা দিয়ে বেড়েই চলেছে দুর্ঘটনা ও প্রাণহানি।স্থানীয়দের তথ্য অনুযায়ী,গত বছর এবং চলতি বছরের এই পর্যন্ত অবহেলিত এই মহাসড়কে পিষ্ট হয়ে ঝরে গেছে অন্তত ৪৬ টি তাজা প্রাণ। হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করে অসহায়ের মতো দিন কাটাচ্ছেন অগণিত মানুষ,যার কোনো পূর্ণাঙ্গ সরকারি পরিসংখ্যান নেই। সরু এই সড়কের ওপর ভারী যানবাহন, দূরপাল্লার বাস এবং ব্যাটারিচালিত স্থানীয় রিকশা-ইজিবাইকের এক বিশৃঙ্খল প্রতিযোগিতা তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বহু স্থানে পিচ ও ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সংস্কারের নামে কোথাও কোথাও অপরিকল্পিতভাবে ইট ও খোয়া ফেলে রাখায় যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে আদিতমারী উপজেলার নামুড়ি পলাশীর কিছু অংশ এবং কালীগঞ্জের ভোটমারী এলাকার কিছু অংশ সহ বিভিন্ন এলাকার অবস্থা অত্যন্ত বিপদজনক।
সড়কের দুর্ভোগের বর্ননা দিতে গিয়ে আদিতমারীর স্থানীয় বাসিন্দা লাভলু মিয়া বলেন, এই সড়কটি এমনিতেই অনেক সরু,তার ওপর সড়কের বেহাল দশা। রাস্তার ইট-খোয়া বের হয়ে আছে, আবার মেরামতের নামে রাস্তার ওপর ইট ফেলে রাখায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দিনে অন্তত চার থেকে পাঁচ হাজার যানবাহন চলাচল করে এই পথে। আমাদের দাবি এই সরকার যদি দ্রুত এই সড়কটি ফোর লেনে পরিনত করার উদ্যোগ নেয় তাহলে আমাদের মনে স্বস্তি আসবে।
এই জেলার কর্মরত সাংবাদিক খোরশেদ আলম সাগর বলেন, লালমনিরহাটের প্রাণ এই মহাসড়কটিতে জেলার পাঁচটি উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন চলাচল করে এবং বুড়িমারী স্থল বন্দরের সাথে দেশের ব্যবসা বাণিজ্যের পন্য আনা নেওয়ার কাজে এই সড়কটি ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে শুধু শুনেই আসছি ফোর লেন হবে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। অতিরিক্ত যানবাহনের চাপে প্রতিনিয়ত পিষ্ট হয়ে মানুষ মরছে। সীমান্তবর্তী এই অবহেলিত সড়কটিকে নিরাপদ করতে সড়কটি দ্রুত ফোর লেনে পরিনত করা হোক।
লালমনিরহাট – বুড়িমারীর এই মহাসড়কটিতে দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে লালমনিরহাটের জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, অপ্রসস্ত সড়কের অনুপাতে অতিরিক্ত যানবাহনের চাপই দুর্ঘটনার প্রধান কারণ। এর পাশাপাশি চালকদের বেপরোয়া গতি, পণ্যবাহী যানের অনিয়ন্ত্রিত ওভারলোডিং এবং মহাসড়কে ধীরগতির থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত স্থানীয় অটোরিকশা চলাচল পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
সড়কটির দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লালমনিরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, মহাসড়কের খানাখন্দগুলো নিয়মিত ও রুটিন মোতাবেক মেরামতের মাধ্যমে যান চলাচলের উপযোগী রাখা হচ্ছে। বুড়িমারী ও মিশন মোড় থেকে সাপটিবাড়ীসহ বাজারসংলগ্ন ব্যস্ত এলাকাগুলোতে সড়ক প্রশস্তকরণের কাজ চলমান আছে। স্থায়ী সমাধানের জন্য পুরো মহাসড়কটি ফোর লেনে রূপান্তরের লক্ষ্যে ১১০ ফুট জমি অধিগ্রহণের প্রাথমিক সার্ভে সম্পন্ন হয়েছে। বর্তমানে বিভিন্ন ডিজাইনের কাজ চলছে। এরপর ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদনের কার্যক্রম শুরু হবে। ভূমি অধিগ্রহণ ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মূল প্রকল্পের কাজ মাঠে গড়াতে আরও অন্তত দুই বছরের মতো সময় লাগতে পারে।
লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন বলেন,লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত লালমনিরহাটের মহাসড়কটি অনেকটাই সরু। আমরা বারবার দাবি জানিয়ে আসছি, মহাসড়কটি প্রশস্ত করে অন্তত চার লেনে উন্নীত করা হোক। সড়কটি সরু হওয়ায় ট্রাক ওভারটেক করার সময় যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও বড় দুর্ঘটনাও ঘটে। লালমনিরহাটে একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর রয়েছে। ভারত, ভুটান ও নেপালের সঙ্গে এই বন্দর দিয়ে বাণিজ্য পরিচালিত হয়। প্রতিদিন এক হাজারেরও বেশি ট্রাক এই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়কের সংকীর্ণতা ও বেহাল অবস্থার কারণে ট্রাক চলাচলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং অনেক সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তাই সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত এই মহাসড়কটি প্রশস্ত করে ফোর লেনে উন্নত করা হোক।
বুড়িমারী স্থলবন্দরের ট্রাফিক শাখার সহকারী পরিচালক মাহমুদুর হাসান বলেন, লালমনিরহাটের এই মহাসড়কটি তুলনামূলকভাবে সরু ও প্রশস্ততা কম হওয়ায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়। এতে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় লাগে এবং ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কটি প্রশস্ত করে ফোর লেনে উন্নত করা হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে।
তিনি আরো বলেন, প্রতিদিন ভুটান থেকে প্রায় ২০০টি ট্রাক এবং ভারত থেকে প্রায় ১৫০টি ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে আসে। এসব পণ্য বাংলাদেশি ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। কিন্তু সড়কে যানজট থাকায় অনেক সময় একদিনে পণ্য পরিবহন শেষ করা সম্ভব হয় না। সড়কটি প্রশস্ত ও উন্নত হলে ট্রাকগুলো দ্রুত দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে দিতে পারবে। এতে সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি ব্যবসা-বানিজ্যর মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
একটি আন্তর্জাতিক করিডোর যখন অবকাঠামোগত সংকটে ধুঁকে ধুঁকে স্থানীয়দের জন্য মৃত্যুফাঁদে রূপ নেয়, তখন তা নিছক আঞ্চলিক দুর্ভোগ থাকে না, জাতীয় অর্থনীতির জন্যও বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। লালমনিরহাটবাসীর এখন একটাই দাবি,ফাইলবন্দী নকশা ও আশ্বাসের বৃত্ত ভেঙে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কটি দ্রুত দৃশ্যমান ফোর লেনে রূপান্তরিত হোক, বন্ধ হোক সড়কে লাশের গন্ধ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বিগত সরকারের আমলে এই মহাসড়ক নিয়ে অনেক তোড়জোড় দেখানো হয়েছিল,বাজেট পাস, নকশা ও টেন্ডারের কথা বলা হলেও মাঠপর্যায়ে কাজের অগ্রগতি ছিল শূন্য। এখন নতুন করে সড়কটির অ্যালাইনমেন্ট সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সড়কটি সোজা করতে এবং ফোর লেনে উন্নীত করতে ব্যাপক জমি অধিগ্রহণের জটিলতা দেখা দিয়েছে। তাই সাধারণ মানুষের ক্ষতি যতটা কমানো যায়, অর্থাৎ যতটুকু জমি না নিলেই নয়, ততটুকু অধিগ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে এই মহাসড়ক ফোর লেনে রূপান্তরের কাজ শুরু করা হবে।