- মহিষতুলীতে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
মানসিক ভারসাম্যহীন শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মহিষতুলী এলাকায় সুজয় কুমার (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭/৯/২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সুজয় কুমার ওই এলাকার শ্রী অতুল চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুজয় দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। এর আগেও সে একাধিকবার নিজের ক্ষতি করার চেষ্টা করেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার সময় বাড়িতে পরিবারের সদস্যরা উপস্থিত না থাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয় বাসিন্দারা জানান, সুজয়ের এমন অকাল মৃত্যুতে পরিবারটির পাশাপাশি এলাকার মানুষও গভীরভাবে মর্মাহত। ছোট্ট শিশুটির এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।
পরে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শিশুটির মরদেহের সৎকার সম্পন্ন করেন।
এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বলছেন, মানসিকভাবে অসুস্থ বা অস্থির শিশু-কিশোরদের প্রতি পরিবারের সদস্যদের বাড়তি নজরদারি, ভালোবাসা ও যত্ন প্রয়োজন। কোনো ধরনের ঝুঁকির লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।