মোহাম্মদ সবুর শেখ ।
ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
খুলনার ফুলতলায় পৃথক অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ। এর মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অপর দুইজনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে ফুলতলা থানার এসআই (নিঃ) মো. মাসুদ মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বরণপাড়া গ্রামের বকুলতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আক্তার ফরাজীর সবজির দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে রাজু শেখ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার রাজু শেখ বরণপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে ফুলতলা থানার এসআই (নিঃ) মো. শফিউজ্জামান ও এসআই (নিঃ) মো. মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ফুলতলা বাজার এলাকায় অভিযান চালান। এ সময় রোমান (২৫) ও তৌসিফ এলাহি (৩২) নামে দুজনকে যথাক্রমে ৪ পিস ও ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার রোমান ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তৌসিফ এলাহি তাজপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।