মোঃ সায়েম উদ্দীন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে পরিকল্পিত, দুর্নীতিমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ উদ্দিন আমান।
তিনি বলেন, “আমি কোনো ক্ষমতার জন্য নয়, একটি পরিকল্পিত, দুর্নীতিমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি এই ইউনিয়নেরই সন্তান। তাই ইউনিয়নবাসীর সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি অবগত।
ইমতিয়াজ উদ্দিন আমান জানান, ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের লক্ষ্যে তার উন্নয়ন পরিকল্পনার শুরু হবে প্রতিটি পরিবারকে কেন্দ্র করে। বিশেষ করে অসহায়, ভূমিহীন ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে তিনি গুরুত্ব দিতে চান।
তার উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে অসহায় ও ভূমিহীন পরিবারের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আধুনিক ঘরের ব্যবস্থা করা। সরকারি গৃহায়ন প্রকল্পের সুবিধা প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এছাড়া প্রতিটি ওয়ার্ডে পাকা রাস্তা নির্মাণ ও সংস্কার, ব্রিজ-কালভার্টের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান তিনি।
ইমতিয়াজ উদ্দিন আমান বলেন, একটি আধুনিক ইউনিয়ন গড়তে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং জনগণের অংশগ্রহণও জরুরি। জনগণের পাশে থেকে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে তিনি কাজ করতে চান।
এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।