আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়ন, সুশাসন জোরদার ও স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে নাগরিক সমাজের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার অষ্টম মনীষা ইউনিয়নের হলদার পাড়ায় ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
কমিউনিটি স্কোরকার্ড ও গণশুনানি বাস্তবায়ন কমিটির সভাপতি বুলবুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শামীম হাসান। তমা কর্মকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান, সাংবাদিক আবুজর গিফারী এবং স্থানীয় কমিউনিটি সদস্য পূজা সুত্রধর।
অনুষ্ঠানের গণশুনানি পর্বে অতিথিদের কাছে বিভিন্ন সেবার মান ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলে ধরেন সাধনা হলদার, নূপুর সিং, কৃষ্ণা রায়, জয়া হালদার, তাপসী সুত্রধর, আশা দাশ, পিয়া দাশ, তুলসী সরকার ও দেবী হালদারসহ এলাকার সাধারণ সেবাগ্রহীতারা।
বক্তারা তাঁদের বক্তব্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবার মান বৃদ্ধিতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। একইসঙ্গে স্থানীয় প্রশাসন ও জনগণের মাঝে পারস্পরিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর উদ্যোগে আয়োজিত এ সভার সার্বিক সহযোগিতায় ছিল ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং ব্রেড-এর হিসাব রক্ষক আবুল কালাম আজাদ। প্রকল্পটিতে অর্থায়ন ও সহায়তায় ছিল ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ এবং খ্রিস্টান এইড।
উক্ত মতবিনিময় সভা ও গণশুনানিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।