Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টেকনাফে কেওড়া বাগানে মাটির নিচে মিলল ২০ হাজার ইয়াবা, আটক ২

সমাজের খবর ডেস্ক

 

জামাল উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীসংলগ্ন কেওড়া বাগানে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

 

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। জেলের ছদ্মবেশে থাকা কয়েকজনের কাছে ওই চালান হস্তান্তরের কথা ছিল।
এ তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন নাফ নদীতে অভিযান চালানোর পরিকল্পনা করে বিজিবি। পরে দুপুর একটার দিকে একটি আভিযানিক দল সেখানে অবস্থান নেয়।

 

 

বিজিবির ভাষ্য, বেলা সাড়ে দুইটার দিকে কয়েকটি মাছ ধরার নৌকা নদীর তীরে ফেরার সময় সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এ সময় একটি হস্তচালিত কাঠের নৌকায় থাকা দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য ও প্রযুক্তিগত নিরীক্ষণের ভিত্তিতে ইয়াবার চালানটির বিষয়ে নিশ্চিত হয় বিজিবি।

 

 

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পাশের কেওড়া বাগানে প্রায় চার ঘণ্টা তল্লাশি চালানো হয়। একপর্যায়ে কাদামাটির প্রায় আড়াই ফুট গভীর থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন উত্তর চৌধুরীপাড়া এলাকার জাফর আহমদের ছেলে মো. আয়াছ (৩০) ও মো. রফিক (২৫)।
বিজিবি জানিয়েছে, অভিযানে ইয়াবার পাশাপাশি একটি হস্তচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়েছে।

 

 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান বন্ধে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদক পাচারকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করলেও গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে তাদের অপচেষ্টা প্রতিহত করা হবে।
আটক দুজন ও উদ্ধার করা ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন