আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পাবনার ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) পাবনা জেলা শাখা ‘শিল্পের বিকাশ ও আজীবন সদস্য সংগ্রহ’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “ব্যবসা কেবল ব্যক্তিগত মুনাফা অর্জনের মাধ্যম নয়, এর সঙ্গে জনকল্যাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। পারস্পরিক সহযোগিতা ও ন্যায্যতার ভিত্তিতে সঠিক পরিবেশ গড়ে তুলতে পারলে শিল্প-বাণিজ্যের অভাবনীয় বিকাশ ঘটবে।” ব্যবসায়ীদের সংগঠিত হয়ে ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহায়তায় নতুন উদ্যোক্তা তৈরির আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সংগঠনের মূল শক্তি হলো সদস্যদের সক্রিয় অংশগ্রহণ। ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে এবং উদ্যোক্তাদের মানোন্নয়নে আইবিডব্লিউএফ কাজ করে যাচ্ছে।”
আইবিডব্লিউএফ পাবনা জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুর এ ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের বগুড়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ সেলিম রেজা, ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইকবাল হোসাইন, আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ এবং উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।
সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে শিল্পের বিকাশ, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।