Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের সড়ক সিএনজির দখলে

সমাজের খবর ডেস্ক

 

টঙ্গীবাড়ি প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। উপজেলা পরিষদ চত্বরের ভেতরেও সারি করে সিএনজি অটোরিকশা রাখা হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে আসা মানুষ।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নির্বাচন কার্যালয়, সমাজসেবা কার্যালয়, বন বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর এই সড়কের আশপাশে অবস্থিত। এসব দপ্তরে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। ফলে সড়কটি উপজেলা সদরের অন্যতম ব্যস্ত সড়ক হিসেবে ব্যবহৃত হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথের একটি গেট তালাবদ্ধ। তবে গেটের ভেতরে সারি করে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা রাখা হয়েছে। পাশাপাশি উপজেলা পরিষদের সড়কের বিভিন্ন অংশেও সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখা দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সিএনজি অটোরিকশার স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হওয়ায় স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে সরকারি দপ্তরগুলোতে সেবা নিতে আসা মানুষ ও রোগীদের পরিবহন চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘আমিও বিষয়টি লক্ষ্য করেছি। গুরুত্বপূর্ণ এই সড়কটি সিএনজি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। অটোচালক সমিতির সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা বলছেন, উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়সংলগ্ন সড়কটি সিএনজি স্ট্যান্ড হিসেবে ব্যবহার বন্ধ করে সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক করা জরুরি। পাশাপাশি সরকারি স্থাপনার ভেতরে অনুমতি ছাড়া যানবাহন রাখার বিষয়েও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন