গজারিয়ায় ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিল, পরিত্যক্ত মশাল উদ্ধার
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বের করা একটি ঝটিকা মশাল মিছিল ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বেশ কয়েকটি নিভে যাওয়া মশাল উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একদল নেতাকর্মী হঠাৎ করে একটি ঝটিকা মশাল মিছিল বের করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ঐক্যবদ্ধ হয়ে ঘটনাস্থলে ছুটে যান।
ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি ও ধাওয়ার মুখে মিছিলকারীরা টিকতে না পেরে দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও এর আশপাশের ঝোপঝাড় থেকে মিছিলকারীদের ফেলে যাওয়া বেশ কয়েকটি নিভে যাওয়া মশাল ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।