কুড়িগ্রামে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে শুনানিতে ডাকল জাতীয় ফাউন্ডেশন
নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বিশেষ সুবিধা দেওয়ার নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদ নিয়ে তদন্ত শুরু করেছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশকারী সাংবাদিককে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ কার্যালয় থেকে গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো চিঠিতে সাংবাদিক এম জি রাব্বুল ইসলাম পাপ্পুকে আগামী ২৫ নভেম্বর সকাল ১১টায় ঢাকার মিরপুরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি), অর্থোথেরাপি সেবা ও সাহায্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট সেবার ক্ষেত্রে বিশেষ সুবিধার নামে বাড়তি টাকা নেওয়ার বিষয়ে ‘ফেস দ্য পিপল’ ও ‘সময়ের প্রয়াস’ অনলাইন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনের বিষয়ে একটি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্ত কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে সাংবাদিকের বক্তব্য উপস্থাপনের জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট অভিযোগের পক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি ও লিখিত বক্তব্যসহ উপস্থিত থাকার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদানের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বাড়তি অর্থ আদায়ের অভিযোগটি জনস্বার্থে নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগের সত্যতা, এর সঙ্গে কারা জড়িত এবং সেবাগ্রহীতারা কোনো ধরনের আর্থিক হয়রানির শিকার হয়েছেন কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।
সাংবাদিকের বক্তব্য ও উপস্থাপিত প্রমাণাদি পর্যালোচনার পর তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই সংশ্লিষ্টদের নজর।