Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় টানা বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, বড় লোকসানের মুখে ভাটা

সমাজের খবর ডেস্ক

নওগাঁয় টানা বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, বড় লোকসানের মুখে ভাটা মালিকরা ও বেকার শ্রমিকরা

মোঃ সাইদুল ইসলাম হেলাল,
নওগাঁ প্রতিনিধি :

 

নওগাঁয় কয়েক দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাণীনগরসহ জেলার ইটভাটাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতেই ভাটার মাঠে শুকানোর জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইটভাটার মালিকরা। পাশাপাশি উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে ও আয়হীন অবস্থায় পড়েছেন ভাটায় কর্মরত দিনমজুর ও শ্রমিকরা।

 

 

জানা যায়, শীত মৌসুমকে সামনে রেখে পুরোদমে নতুন ইট উৎপাদনের প্রস্তুতি নিচ্ছিলেন ভাটা মালিকরা। অনেকেই কাঁচা ইট তৈরি করে পোড়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছিলেন এবং কেউ কেউ ভাটায় আগুনও জ্বালিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঠে থাকা অধিকাংশ কাঁচা ইট গলে নষ্ট হয়ে যাওয়ায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম থমকে গেছে।
ভাটায় কর্মরত স্থানীয় দিনমজুররা জানান, গত তিন দিন ধরে কাজ না থাকায় তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনের উপার্জন দিয়ে পরিবারের খরচ চালানোর পাশাপাশি সপ্তাহে এনজিওর কিস্তি পরিশোধ করতে হয়। কাজ বন্ধ থাকায় শুধু মালিকরাই নন, শ্রমিকরাও পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন।

 

 

অন্যদিকে, দেশের বিভিন্ন জেলা থেকে নওগাঁয় আসা মৌসুমি শ্রমিকরা জানান, বৃষ্টির কারণে গত তিন দিন ধরে তারা পুরোপুরি বেকার বসে আছেন। মাঠের তৈরি করা প্রায় সব কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। মালিকের ক্ষতি মানেই শ্রমিকদের ক্ষতি—কাজ না থাকলে কীভাবে খাবেন আর কীভাবেই বা কিস্তির টাকা জোগাড় করবেন, তা নিয়ে সবাই গভীর দুশ্চিন্তায় রয়েছেন।
এ বিষয়ে রাণীনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুস সাত্তার শাহ বলেন, “আমাদের সমিতির আওতায় ছয়টি ইটভাটা রয়েছে। সব মালিকই নতুন মৌসুমে ইট পোড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন এবং দু-একটি ভাটায় আগুনও দেওয়া হয়েছিল।

 

 

 

কিন্তু আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে মাঠের কাঁচা ইট নষ্ট হয়ে যাওয়ায় চলতি মৌসুমে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবো।”
তবে ক্রেতাদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, “এই লোকসান আমাদের মালিকদেরই বহন করতে হবে। এর প্রভাব কোনোভাবেই সাধারণ গ্রাহকদের ওপর পড়তে দেওয়া হবে না। ইট নষ্ট হওয়ার অজুহাতে ইটের দাম বাড়ানো হবে না বলে আমরা মালিক সমিতির পক্ষ থেকে কথা দিচ্ছি।

 

 

সব মিলিয়ে, মৌসুমের শুরুতেই অসময়ের বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় ভাটা মালিকরা যেমন বড় লোকসানের হিসাব কষছেন, তেমনি দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শত শত শ্রমিকের পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন