নওগাঁয় পুলিশের বিশেষ চেকপোস্টে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
মোঃ সাইদুল ইসলাম হেলাল,
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ চেকপোস্টে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর, ২০২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সমগ্র জেলায় চলমান বিশেষ নিরাপত্তা টহল ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল গাবতলী বাজার এলাকায় চেকপোস্ট বসায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে পিকআপ যোগে নিয়ামতপুরের দিকে আসছে।
খবর পেয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন পিকআপটি থামিয়ে অভিযান চালিয়ে তিন ডাকাতকে হাতেনাতে আটক করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে চক্রের অপর ৩-৪ জন সদস্য কৌশলে পালিয়ে যায়।
অভিযানকালে পিকআপ ভ্যানটি জব্দ করার পাশাপাশি ভেতর থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও দড়ি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. মোঃ রেজাউল করিম ওরফে লসিমন (৫০): পিতা- মৃত বছির উদ্দিন, গ্রাম- ফারাদপুর, নওগাঁ সদর, নওগাঁ।
২. মোঃ সাগর: পিতা- বাবু মিয়া (পালক পিতা- বাচ্চু মিয়া), গ্রাম- শান্তাহার (ইয়ার্ড কলোনি), আদমদীঘি, বগুড়া।
৩. মোঃ রিমন হোসেন (২৩): পিতা- মোঃ আমজাদ হোসেন, গ্রাম- চক গোয়ালী, নওগাঁ সদর, নওগাঁ।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তারা ইতিপূর্বে নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলায় একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে—যার মধ্যে রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে চুরি-ডাকাতির ৮টি, সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ ৫টি এবং রিমন হোসেনের বিরুদ্ধে ১টি পূর্বের মামলা রয়েছে।
পলাতক অন্য সদস্যদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।