Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পাবনার বেড়ায় আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত ‘পুরুষত্ব মানেই আধিপত্য নয়, বরং দায়িত্বশীলতা ও নারীর প্রতি সম্মানবোধ’

সমাজের খবর ডেস্ক

পাবনার বেড়ায় আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত
‘পুরুষত্ব মানেই আধিপত্য নয়, বরং দায়িত্বশীলতা ও নারীর প্রতি সম্মানবোধ’

আবুজর গিফারী, ​পাবনা প্রতিনিধি:
‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’ (The Future Is Everyone) প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক পুরুষ দিবস ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

 

​বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড), মেনএনগেজ অ্যালায়েন্স (MenEngage Alliance) এবং ‘রুরাল ইয়ুথ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেন্ডার সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, অন্তর্ভুক্তি এবং সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
​ব্রেডের প্রকল্প সমন্বয়ক মো. আশিকুর রহমানের সভাপতিত্বে এবং যুব প্রতিনিধি তামিম হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরকার।

 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেড়া প্রেসক্লাবের সদস্য সচিব আবুজর গিফারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম মোল্লা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. চাঁদ আলী। এ ছাড়া স্থানীয় ইউপি সদস্য, কমিউনিটি নেতা, যুব প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনায় অংশ নেন।
​সভায় বক্তারা ইতিবাচক পুরুষত্ব, জেন্ডার সমতা এবং পরিবার ও সমাজে পুরুষ ও কিশোরদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা বলেন, একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নারী-পুরুষের সমান মর্যাদা এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। পুরুষত্ব মানেই আধিপত্য নয়; বরং দায়িত্বশীলতা, সহমর্মিতা ও নারীর প্রতি সম্মানবোধের মাধ্যমেই ইতিবাচক পুরুষত্বের প্রকৃত প্রকাশ ঘটে।

 

 

​আয়োজক সংগঠনের প্রতিনিধিরা জানান, সমাজে জেন্ডার সমতা প্রচার, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রসর হওয়া এবং পরিবার ও সমাজে পুরুষের ইতিবাচক ভূমিকা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
​আলোচনা শেষে উপস্থিত সবাই পারিবারিক দায়িত্বের সুষম বণ্টন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন